লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল
পাকিস্তান সুপার লিগের তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সাথে নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুলকে এই নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। উপদেষ্টা হিসেবে আমিনুল কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উন্নয়নে দিকনির্দেশনা দেবেন এবং খেলোয়াড়দের বিকাশ নিয়ে কাজ করবেন।
আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে আমিনুলের যার মধ্যে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন অন্তর্ভুক্ত। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও তিনি কাজ করেছেন এবং ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।
২০২৬ সালে বর্তমান চ্যাম্পিয়ন হয়েও পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয় লাহোর কালান্দার্স। তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার তৈরি এবং খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই আমিনুলের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে লাহোরের পথচলা ২০১৬ সালে অভিষেক হওয়ার পর থেকে অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তনের গল্প হিসেবে বিবেচিত হয়।
২০২২ ও ২০২৩ সালে টানা দুবার পিএসএল শিরোপা জয়ের পর ২০২৪ সালে মাত্র এক জয় পায় দলটি এবং ২০২৫ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতে। তবে শুরুর দিকে কঠিন সময় পার করা দলটি এখন তরুণ ক্রিকেটারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরির মাধ্যমে নিজেদের ভবিষ্যতের ভিত্তি আরও শক্ত করতে চায়।














