চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশ করেছে বিশ্ব: জাতিসংঘ
তুরস্কের আনতালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) বিশ্বনেতাদের সতর্ক করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, বিশ্ব এখন এমন এক বাস্তবতায় পৌঁছেছে যেখানে চরম আবহাওয়াই নতুন স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং শক্তিশালী এল নিনোর প্রভাবে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাত আগের চেয়ে অনেক দ্রুত তীব্র হচ্ছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের চেয়ে ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সংস্থাটি আরও জানায়, ২০২৬ সাল ইতিহাসের উষ্ণতম চার বছরের তালিকায় স্থান পেতে পারে এবং ২০২৭ সালেও নতুন তাপমাত্রা রেকর্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বর্তমানে রেকর্ড পর্যায়ে রয়েছে এবং হিমবাহগুলো দ্রুত সংকুচিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গুতেরেস।
ইতিবাচক দিক হিসেবে ডব্লিউএমও জানিয়েছে, দুর্যোগের আগাম সতর্কবার্তা পাওয়ার মতো দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে গত বছর ১৩৬টিতে দাঁড়িয়েছে। তবে ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো সতর্ক করে বলেছেন, বৈশ্বিক পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ বাড়াতে হবে, কারণ জলবায়ুর এই চরমভাবাপন্নতা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।














