কৃষ্ণসাগর নিরাপত্তা ও যুদ্ধ নিয়ে শনিবার তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ এবং কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার তুরস্ক সফর করবেন। এ সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন বলে দেশটির প্রেসিডেন্সি জানিয়েছে।
ইস্তাম্বুল থেকে এএফপি জানায়, প্রেসিডেন্সির যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় আলোচনায় তুরস্ক ও ইউক্রেনের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিশেষভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও কৃষ্ণসাগরের নিরাপত্তা পরিস্থিতি এতে গুরুত্ব পাবে।
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তুরস্ক ক্ষুব্ধ হয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এরদোয়ান এসব হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন এবং বেসামরিক জাহাজে হামলা বন্ধে আঙ্কারা একটি প্রস্তাব পাঠিয়েছিল।
তুরস্কের প্রেসিডেন্সি জানিয়েছে, বসফরাস প্রণালীর তীরবর্তী দোলমাবাহচে কার্যালয়ে এরদোয়ান জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক শেষে দুই নেতা সংবাদ সম্মেলন করবেন। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলাপকালে এরদোয়ান কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার কথা জানান।














