ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাশেদ খাঁন আরও বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করত এবং এখন জামায়াত তাদের মতো করেই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, যে কারণে দলটির শীর্ষ নেতারা ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন যা জনগণ ভালোভাবে নেয়নি। জামায়াত যদি দাবী করে এ ধরনের বৈঠক হয়নি, তাহলে তাদের আমার চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান তিনি। বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা থেকে লংমার্চ নিয়ে তারা গোপালগঞ্জ হয়ে খুলনায় ঢুকবে এবং যশোর-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ করবে।
জামায়াতের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে জানিয়েছে যে তারা গোপালগঞ্জে পথসভা করবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ভয়ে তারা সেখানে পথসভা করবে না, এটি তো গ্রহণযোগ্য নয়। জামায়াত ইসলামীকে গোপালগঞ্জে পথসভা করে নৈতিকতার পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। দলটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, আবার রাতে তাদের গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেন যা কখনোই আধিপত্যবিরোধী রাজনীতি হতে পারে না।
রাশেদ খাঁন বলেন, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের মধ্য দিয়ে বোঝা গেছে মানুষ এখন জামায়াতের জান্নাতের টিকিটের বিষয়ে সচেতন হয়েছে। ওই এলাকার মানুষ দলটির বিভ্রান্তিকর প্রচেষ্টাকে লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














