সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
রাসেল মিয়া।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ১১ জন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি দুজন রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার মাদকসেবীরা হলেন—মো. নাছির (৩০), কবির হোসেন (৩০), মো. মেহেদী হাসান (২২), মো. বিল্লাল (২১), মো. শামীম (৩৫), সুজন (২৪), মো. সারোয়ার (২৭), মো. রুবেল মিয়া (৩০), মো. নবী (২৪), মোকছেদ আলী (২৫) ও আব্দুর রহমান (৪৫)।
তাঁদের মধ্যে কয়েকজন সোনারগাঁয়ের স্থানীয় বাসিন্দা। অন্যরা দেশের বিভিন্ন জেলা থেকে এসে উপজেলার কাঁচপুর ও ইছাপাড়াসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি হলেন মো. জহিরুল ইসলাম (৩০) ও সাদ্দাম হোসেন (৩১)। তাঁদের সোনারগাঁ উপজেলার বরগাঁও ও হাবিবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।















