বর্তমান সংসদ পাঁচ বছর টিকবে কি না সন্দেহ নাহিদের
যাত্রাবাড়াতে এনসিপির প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলামছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌজন্যে
বর্তমান জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, সেই বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।
প্রচারপত্র বিতরণের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর পর গঠিত এই জাতীয় সংসদের কোনো মূল্য নেই এবং এখানে জনগণের কণ্ঠস্বরের মূল্যায়ন করা হয় না। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসকদের প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করে তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থেকে দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়।
আইনশৃঙ্খলা ও জ্বালানি খাতের তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলার উন্নতির জন্য প্রথম পদক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং জ্বালানি খাতের ব্যর্থতার দায় নিয়ে জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এছাড়া সংবিধান সংশোধন কমিটির নামে চলা প্রহসন বন্ধ করার দাবি জানিয়ে তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান।
যাত্রাবাড়ীর এই কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির ঘোষিত মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, আলী আহসান জুনায়েদ ও এস এম শাহরিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে, ৩০ অক্টোবরের গণবিক্ষোভ সফল করতে আজ বিকেলে ঢাকার উত্তরার অঞ্চলেও প্রচারপত্র বিতরণ করেছে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ।














