জ্বালানি সংকট কাটাতে দেশজুড়ে বায়োগ্যাস পল্লী গড়বে সরকার
দেশের জ্বালানি সংকট নিরসনে প্রতিটি গ্রামে 'বায়োগ্যাস পল্লী' গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে পরিবারগুলো জ্বালানি চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বায়োগ্যাস পল্লী সফল করতে যুবকদের জন্য ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে এবং প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো হবে। এছাড়া যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে দ্রুত 'যুব কাউন্সিল' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তাদের মাসিক অগ্রগতির রিপোর্ট সংগ্রহ এবং সেরা কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী।
আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে প্রতি চার মাস অন্তর এমন মতবিনিময় সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।














