২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, দাবি ফুটবল প্রধানের
২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কেবল স্পেনেই আয়োজন করা সম্ভব বলে দৃঢ় মত প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লৌজান। যদিও ফিফা এখনো শিরোপা নির্ধারণী ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে লৌজান নিজের অবস্থানে অনড়।
মাদ্রিদে আয়োজিত এক ফোরামে লৌজান জানান, পর্তুগাল ফাইনাল আয়োজনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে কারণ তাদের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নেই। অন্যদিকে, মরক্কো তাদের পরিকল্পিত ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের আগ্রহ দেখালেও স্প্যানিশ ফুটবল প্রধান স্পেনকেই এর যোগ্য দাবিদার মনে করছেন।
২০২৪ সালে জমা দেওয়া যৌথ আয়োজক হওয়ার প্রস্তাবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর একটি স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছিল। তবে ২০২৮ সালের আগে ফিফা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলে ধারণা করছেন লৌজান।














