স্পেন ট্রেন দুর্ঘটনা: ৬৯ নিহতের সবার পরিচয় শনাক্ত
স্পেনে গত সপ্তাহে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ আরও তিনজনের পরিচয় নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বুধবারের এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা।
ফরেনসিক দল নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাওয়ায় স্বজনদের দীর্ঘ ও বেদনাদায়ক অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় শনাক্ত করতে হয়েছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নিহত ব্যক্তিদের শনাক্তকরণের দায়িত্বে গঠিত পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি আইনি সংস্থা সোমবার রাতে এক বিবৃতিতে সর্বশেষ শনাক্ত হওয়া তিনজনের পরিচয় প্রকাশ করে। তাদের মধ্যে দুজন অস্ট্রেলীয় এবং একজন জাপানি নাগরিক।
নিহতদের মধ্যে ৫৪ জন স্পেনের নাগরিক এবং ১৫ জন বিদেশি। বিদেশিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের চারজন, অস্ট্রেলিয়ার দুজন, জাপানের দুজন এবং আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স, মেক্সিকো, পর্তুগাল, তিউনিসিয়া ও চেক প্রজাতন্ত্রের একজন করে নাগরিক।














