স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রে’র ২৪ ম্যাচ স্থগিত
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানিয়ে কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বুধবার এ ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পুরো স্প্যানিশ ফুটবল পরিবার একতাবদ্ধ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় কর্তৃপক্ষের পাশে দাঁড়াতেও আমরা প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকালে টলেডো প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা এবং সংহতি জানিয়ে আজ বিকেল ও সন্ধ্যায় অনুষ্ঠিতব্য কোপা দেল রে’র প্রথম রাউন্ডের ২৪টি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আরএফইএফ। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি এবং শুরুর সময় সম্পর্কে যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে ফেডারেশন।
সর্বশেষ প্রাথমিক হিসাব অনুযায়ী, মাদ্রিদের প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮০ জন। আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক।














