উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে। বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বিসিসি প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই তথ্য জানান। তিনি বলেন, এসব স্টেডিয়াম নির্মিত হলে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরির সুযোগ আরও সম্প্রসারিত হবে।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, খেলোয়াড়দের উৎসাহিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। সেই সঙ্গে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বরিশাল সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় জ্বালানি সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দেওয়া হবে।














