সঠিক পথেই বাংলাদেশের হ্যান্ডবল, আশাবাদী কোচ আলোনসো
আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের কাছে হারলেও বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্ট স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ২৮-১৬ গোলে জয়ী হয়। ম্যাচ শেষে কোচ জানান, দক্ষিণ এশিয়ার যেকোনো দলের সঙ্গে লড়াই করার মতো সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ।
দলের উন্নতির জন্য খেলোয়াড়দের শারীরিক ফিটনেস এবং রক্ষণভাগের ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন আলোনসো। তিনি বলেন, খেলোয়াড়দের কেবল হ্যান্ডবল খেলোয়াড় হলে চলবে না, সামগ্রিকভাবে অ্যাথলেট হয়ে উঠতে হবে। এছাড়া ব্যক্তিগত টেকনিক ও ট্যাকটিকসের উন্নতির মাধ্যমে রক্ষণভাগকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।
ফিনিশিংয়ের ব্যর্থতা নিয়ে কোচ বলেন, ভারতের গোলরক্ষক দিকশা কুমারীর অসাধারণ পারফরম্যান্সই ম্যাচে বড় ব্যবধান গড়ে দিয়েছে। এটি নিয়মিত কোনো সমস্যা নয় বরং নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের ফল। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য শুধু জাতীয় দলের ক্যাম্পে নয়, বরং সারা বছর ক্লাব পর্যায়ে কঠোর অনুশীলনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে দেশে নিয়মিত ঘরোয়া প্রতিযোগিতা ও লিগ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন এই স্প্যানিশ কোচ। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, কেবল আনন্দের জন্য নয়, নিজেকে প্রতিনিয়ত উন্নত করার লক্ষ্য নিয়ে প্রতিদিন কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।














