কেশবপুরে উদীয়মান নারী হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে যশোরের কেশবপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ২০২৬’-এর দ্বিতীয় ধাপের কার্যক্রম। শুক্রবার কেশবপুর উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়াবিদদের বিকাশে এই উদ্যোগের প্রশংসা করেন এবং কেশবপুরের মেয়েরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুর রহমান, বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক মো. তারিকুজ্জামান নান্নু এবং ব্র্যাক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, ‘অপরাজেয় আলো’ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা হকি খেলার আধুনিক কলাকৌশল শেখার সুযোগ পাচ্ছে, যা দেশের নারী হকির ভিতকে আরও শক্তিশালী করবে।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় উদীয়মান নারী হকি খেলোয়াড়দের হকির মৌলিক কৌশল ও অনুশীলনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খেলার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন।














