দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ফিরলেন নাঈম ও ইয়াসির
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ ও ইয়াসির আলী। এর মধ্যে সাড়ে তিন বছর পর দলে জায়গা পেলেন ইয়াসির এবং এক বছর পর দলে ফিরলেন নাঈম।
দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়া বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা থাকায় বাদ পড়েছেন আলিস আল ইসলাম। লিটন দাসের নেতৃত্বে এই সিরিজে খেলবেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ৪ ডিসেম্বর গকেবেরহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় এবং ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে প্রতিটি ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে দুই দল ১০, ১২ ও ১৩ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।














