গিনি থেকে বিতাড়িত হয়ে মালিতে ছুটছেন হাজারো শ্রমিক
অবৈধ স্বর্ণখনি বন্ধে গিনির নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়ে মালিতে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। খনিজ সম্পদে সমৃদ্ধ গিনির সরকারের দাবি, অনানুষ্ঠানিকভাবে স্বর্ণ উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে ভূমির অবক্ষয় ও পানিদূষণ রোধ করতেই এ অভিযান চালানো হচ্ছে। তবে এই অভিযানের ফলে হাজার হাজার মানুষ সীমান্ত পেরিয়ে মালিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
মালির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযান শুরুর পর থেকে দেশটির রাজধানী বামাকোতেই প্রায় এক লাখ মানুষ এসে পৌঁছেছেন এবং এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গিনি থেকে বিতাড়িতদের অধিকাংশই বুরকিনা ফাসোর নাগরিক। এ ছাড়া আইভরিকোস্ট, সেনেগাল, টোগো ও বেনিনের নাগরিকেরাও রয়েছেন তাদের মধ্যে। ওয়েজিনদুগু আশ্রয়কেন্দ্রে হাজার হাজার ক্লান্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে মাটিতে শুয়ে থাকতে দেখা গেছে।
কৌরেমালে থেকে প্রায় ১২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে তারা সেখানে পৌঁছেছেন এবং আশপাশের বাড়ির দেয়ালের পাশে বা অস্থায়ী ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। বুরকিনা ফাসোর ২১ বছর বয়সী আলাসানে কাবোরে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমরা এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, যা আমি কারও জীবনে কামনা করি না। তিনি জানান, পালানোর সময় বিশৃঙ্খলার কারণে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মালির হাসপাতাল সূত্র জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষ আসতে শুরু করার পর থেকে দেশটিতে অন্তত ছয়জন নারী সন্তান জন্ম দিয়েছেন। বুরকিনা ফাসোর ৩০ বছর বয়সী স্বর্ণখনিশ্রমিক সেদু ত্রাওরেও একই রকম দুর্ভোগের কথা জানান। অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের অভিযোগে গিনির উত্তর-পূর্বাঞ্চলে এ পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আইভরিকোস্টের ৪১ বছর বয়সী মৌসা কোনাতে জানান, সেখানে আমরা সত্যিই অনেক পরিশ্রম করেছি কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল। গিনি থেকে পালানোর সময় তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জনতার ভিড়ে হারিয়ে যান। বুধবার বুরকিনা ফাসো সরকার জানায়, মালির সঙ্গে সমন্বয় করে পরিচালিত প্রত্যাবাসন কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত ৩৭ হাজার ১৩৬ জনকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংকট মোকাবিলায় প্রায় ২২ কোটি ৮০ লাখ সিএফএ ফ্রাঁ প্রয়োজন হবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দেশটিতে আগে থেকেই ৫০ লাখের বেশি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। বাস্তুচ্যুত ও অসহায় এসব মানুষ সাহেল অঞ্চলে সক্রিয় জিহাদি গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন কর্মকর্তারা।















