ক্ষুদে ফুটবলার ফারিহার পাশে দাঁড়াল মহিলা ক্রীড়া সংস্থা
দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে সেরা ফুটবলার হওয়া জান্নাতুল ফেরদৌস ফারিহার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। বাক্প্রতিবন্ধী বাবা ও দিনমজুর মায়ের এই সন্তানকে ফুটবল চালিয়ে যেতে ও প্রতিভা বিকাশে এক বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
সংস্থাটি শুধু নগদ অর্থই নয়, ফারিহার জন্য ফুটবল সরঞ্জাম, জার্সি, বুট, ট্র্যাকস্যুট এবং তার উন্নত চিকিৎসার যাবতীয় ব্যয়ও বহন করবে। মঙ্গলবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শারমিন আক্তার রত্নাসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। এই বিশেষ সহযোগিতায় উচ্ছ্বসিত ফারিহা জানায়, এই সাহায্য ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম তাকে ফুটবলে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনাই তার মূল লক্ষ্য।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা প্রত্যাশা করছে, যথাযথ পরিচর্যা ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে ফারিহা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে গৌরবময় প্রতিনিধিত্ব করবে।














