ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ হ্যান্ডবল দল
ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ (বাসস) : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা এবং আজ ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া বলেন, ভারত সারা বছর পরিশ্রম করলেও বাংলাদেশ বছরে মাত্র ৩ মাসের মতো অনুশীলন করে।
মাঠের খেলার পার্থক্য নিয়ে কোচ আরও বলেন, আক্রমণে ভারতকে পরাস্ত করতে এবং রক্ষণে তাদের থামাতে তাদের শক্তির কারণে আমাদের অনেক সমস্যা হয়েছে। আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। মালদ্বীপ ম্যাচ নিয়ে সতর্ক করে কোচ জানান, তারা ভালো দল এবং ফাইনালে পৌঁছাতে হলে আমাদের মনোযোগী হয়ে সেরাটা দিতে হবে।
টুর্নামেন্ট জেতার সম্ভাবনা নিয়ে বাস্তববাদী কোচ বলেন, আজকের পর টুর্নামেন্ট জেতা কঠিন কারণ ভারত আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে। তবে ফাইনালে উঠলে আবারও ভারতের মুখোমুখি হয়ে জিততে সেরা চেষ্টা করব এবং তাদের চমকে দেওয়ার চেষ্টা করব। ফিটনেসের ঘাটতি কাটাতে খেলোয়াড়দের মানসিকতা ও সংস্কৃতি বদলানোর তাগিদ দিয়ে তিনি বলেন, ক্যাম্পের বাইরেও বাড়িতে কাজ করতে হবে এবং সারা বছর জিমে যেতে হবে।












