উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি এলএনজি কার্গো বাতিল হয়েছে। শনিবার বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে আয়োজিত চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, এর ফলে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে গিয়ে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার।
উপদেষ্টা জানান, ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বাবদ ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করতে হয়েছে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ডিজেলের মজুদ ১৭ দিন থেকে বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা ৯০ দিনে নেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
কনফারেন্সে বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ওপর জোর দিয়ে বলেন, আমদানি নির্ভরতা ও ভর্তুকি কমাতে এটিই কার্যকর উপায়। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমন্বিত জাতীয় জ্বালানি মহাপরিকল্পনার আহ্বান জানান। এছাড়া ব্যাংক খাতে গ্রিন বন্ড ও সুকুকের মতো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ বাড়ানোর পরামর্শ দেন সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো: আশানুর রহমান।