উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যেতে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হিসাবরক্ষক ও নিরীক্ষকদের পেশাগত স্বনিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন। শনিবার রাজধানীর গুলশানে হোটেল র্যাডিসন ব্লুতে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, যেকোনো প্রতিষ্ঠানে নিয়মকানুন মেনে চলা একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি জোর করে কার্যকর করা উচিত নয়। হিসাবরক্ষক ও নিরীক্ষকেরা নিজেদের পেশাগত আচরণবিধি সম্পর্কে সবচেয়ে ভালো জানেন বলে তিনি উল্লেখ করেন। আইসিএবি প্রাতিষ্ঠানিকভাবে সক্ষমতা অর্জন করলে এবং স্বনিয়ন্ত্রণ চর্চা করলে এনবিআরের হস্তক্ষেপের প্রয়োজন হবে না।
উন্নত জাতি হিসেবে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায় বলে জানান অর্থমন্ত্রী। পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশের সাথে তাল মিলিয়ে হিসাবরক্ষণ ব্যবস্থা বিকশিত হচ্ছে এবং এতে পেশাজীবীরা সামনের সারিতে আছেন। আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা জরুরি কারণ এর ওপর বিভিন্ন পক্ষের স্বার্থ নির্ভর করে।
আইসিএবির চেয়ারম্যান সাব্বির আহমেদ, এফসিএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা ছাড়াও আইসিএবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কঠোর মানদণ্ড অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য অর্থমন্ত্রী এসময় আহ্বান জানান।