উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আজ শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে, তা ধরেই নেওয়া হয় এবং এ জন্যই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণায় সন্তুষ্ট থাকলেও কিছু ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের পাঁয়তারা চলছে, যা সফল হবে না।
হাসপাতাল পরিদর্শনের সময় সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহতদের পুলিশ পদকসহ পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান। এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনা এবং হাসপাতালের আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন।
রাজারবাগ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান এবং চিকিৎসাধীন আহত বিজিবি সদস্যদের খোঁজ নেন। পরিদর্শনকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।