উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন দুই পেসার জেরাল্ড কোয়েৎজি ও কোয়েনা মাফাকা। তাদের জায়গায় দলে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
পচেফস্ট্রুমে ঘরোয়া ম্যাচে খেলার সময় অ্যাডাক্টর পেশিতে চোট পান কোয়েৎজি। অন্যদিকে, অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট নতুন করে মাথাচাড়া দেওয়ায় মাফাকাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দল থেকে প্রত্যাহার করা হয়েছে।
এই দুই পেসারের পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিয়ান ফন ভুরেন ও জেজে ব্যাসন। এছাড়া টি-টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে ইথান বশকে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেও মাফাকার পরিবর্তে বায়ান্দা মাজোলা ও ওকুহলে সেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী ১ ডিসেম্বর কুগোম্পো সিটিতে প্রথম ওয়ানডে দিয়ে সিরিজটি শুরু হবে। এরপর ৭ ডিসেম্বর পর্যন্ত তিনটি ওয়ানডে এবং ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।