উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান মজবুত করতে আগামী পাঁচ বছরের জন্য সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে এশিয়ান গেমস ও অলিম্পিকে পদক জয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
খেলোয়াড়দের মনোবল বাড়াতে আগামী জানুয়ারি থেকে ৩৭২ জন নির্বাচিত ক্রীড়াবিদকে নিয়মিত ভাতার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে শুটিং ডিসিপ্লিনে ভালো পারফরম্যান্স করা শুটারদের এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর তৃতীয় সিজনে শুটিং ও আর্চারিকে নতুন করে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা পর্যায়ের শুটিং ক্লাবগুলোকে সচল করতে সব ধরনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা দেবে মন্ত্রণালয়। এছাড়া খেলাধুলাকে জনপ্রিয় করতে পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তকে শুটিং অন্তর্ভুক্ত করার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে।
সাবেক জাতীয় খেলোয়াড়দের অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ কল্যাণমূলক উদ্যোগের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। আগামী জানুয়ারি থেকে ২০০ জন সাবেক অসচ্ছল ও অসুস্থ জাতীয় খেলোয়াড়কে প্রতি মাসে ২৫ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হবে।