উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সি–স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষস্থানীয় নির্বাহীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ বছর মোট ২২টি ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবার সম্মাননাটির জন্য ৯৭টি মনোনয়ন জমা পড়েছিল। একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ডের মাধ্যমে কঠোর ও স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের নেতৃত্বের মানই ঠিক করবে দেশ কোন পথে এগোবে। আজ যাদের সম্মাননা দেওয়া হচ্ছে, তারা দেখিয়েছেন যে নতুন করে ভাবার সাহস ও কাজ বাস্তবায়নের শৃঙ্খলা ছাড়া দূরদৃষ্টি অর্থবহ হয় না।’
একই দিনে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১০ম লিডারশিপ সামিট। এ বছর সামিটটির প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস : রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। দিনব্যাপী এই সামিটের আলোচনায় দেশের শীর্ষ ব্যবসায়িক নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন।
সামিটের অন্যতম আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফরহাত আনোয়ারের মধ্যকার বিশেষ ফায়ারসাইড কনভারসেশন। আলোচনায় তারা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা বিনিময় করেন।