উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। রোববার ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেসের উত্থাপিত এ–সংক্রান্ত প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, মূল উদ্যোক্তা শাহ মোজাম্মেল এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।
সড়কটি শিকাগোর বিখ্যাত ১১০ তলাবিশিষ্ট উইলিস টাওয়ারের পাশেই অবস্থিত, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি বিশ্বখ্যাত প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে এই নামকরণের প্রক্রিয়া পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদান, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।