উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি হামলা ও গুলিতে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় খাদ্যসহায়তা বহনকারী একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয় এবং উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরাইলি সেনাদের গুলিতে আরও একজন নিহত হয়েছেন।
আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর নিহতদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থীশিবিরের কাছে আগের দিন বিমান হামলায় নিহত চারজনের জানাজায় স্থানীয়রা অংশ নিয়েছেন। এই হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
নিহতদের স্বজনরা যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং একই সময়ে ইসরাইলের সাত সেনা ও একজন বেসামরিক ঠিকাদার প্রাণ হারিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধে উভয় পক্ষই নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করছে। বর্তমান পরিস্থিতিতে গাজার বাসিন্দারা অত্যন্ত দুর্বিষহ সময় পার করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।