উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-১৩ আসনের নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই তথ্য জানান।
এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয় এবং ওয়াসাসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
এলাকায় অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোথাও কোনো অন্যায় বা অপরাধ হলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে তা জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন চাঁদাবাজি বা অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক আন্দোলনে মামলার শিকার নেতাকর্মীদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। সভায় ডিএমপি ও বিভিন্ন থানার কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেন।