উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বহুল আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনায় স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। একই সঙ্গে টেস্ট অধিনায়কত্ব থেকে প্যাট কামিন্সকে সরিয়ে দেওয়া হলে নিজেও টেস্ট দল ছাড়ার বিষয়টি বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
নিউজ কর্প-কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজেলউড বোলারদের দীর্ঘদিনের অবস্থানে অনড় থেকে জানান, বল টেম্পারিংয়ের পরিকল্পনায় তারা কখনোই যুক্ত ছিলেন না। তিনি বলেন, স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের পরিকল্পনার কোনো উদ্যোক্তা তিনি ছিলেন না এবং মাঠে এর ব্যবহার সম্পর্কেও তার কিছু জানা ছিল না।
উসমান খাজার আত্মজীবনী ও ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বিবৃতির প্রেক্ষিতে হ্যাজেলউড জানান, ড্রেসিংরুমের গঠন ও অবস্থানের কারণে বোলারদের পক্ষে সব জানা সম্ভব ছিল না। পোর্ট এলিজাবেথ ও কেপটাউনের ড্রেসিংরুমে বোলাররা অন্য প্রান্তে থাকায় পরিকল্পনার বিষয়ে কোনো যোগাযোগ হয়নি বলে তিনি উল্লেখ করেন।
ব্যানক্রফটের দাবি অনুযায়ী বলের অবস্থা নিয়ে প্রশংসা করার বিষয়ে হ্যাজেলউড বলেন, টেস্ট ক্রিকেটে বলের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে সেখানে স্যান্ডপেপারের কোনো উল্লেখ ছিল না। এমনকি আম্পায়ারদের কাছেও বলের ক্ষয় অস্বাভাবিক মনে হয়নি বলে তিনি দাবি করেন।
অধিনায়ক প্যাট কামিন্সের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে হ্যাজেলউড বলেন, গত কয়েক বছরে কামিন্স দলের জন্য অসাধারণ কাজ করেছেন। যদি তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, তবে উদ্ভূত পরিস্থিতিতে তিনি নিজেও দল ছাড়ার কথা ভাবতে পারেন। ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে তিনি হাস্যকর বলে অভিহিত করেন।