উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সব ক্লাব ও ক্রীড়া সংগঠনকে ঐক্যবদ্ধভাবে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সাথে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ফিরিয়ে আনার তাগিদ দেন। আজ বৃহস্পতিবার আবাহনী ক্লাব মাঠে দুই ক্লাবের সাবেক খেলোয়াড়দের এক প্রদর্শনী ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রদর্শনী ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, যেখানে প্রতিমন্ত্রী নিজেও অংশ নেন। সাবেক ফুটবলারদের এই মিলনমেলা প্রসঙ্গে আমিনুল হক বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবলের আলোচনায় মোহামেডান ও আবাহনীর নাম প্রথমে আসে। এই দুই ক্লাবের ঐতিহ্য সংরক্ষণ ও দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বার্তা দিতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে।
আগামী বছরের মার্চ বা এপ্রিলে প্রস্তাবিত 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' আয়োজনের আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর মৌখিক সম্মতি পাওয়া গেছে। টুর্নামেন্টে উপমহাদেশ, এশিয়া এবং সম্ভব হলে ইউরোপের দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। ফুটবল উন্নয়ন ও খেলাটির ভিত্তি শক্তিশালী করতে সরকার একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, ক্লাবগুলোর জন্য নিজস্ব একাডেমি ও খেলার মাঠ থাকা বাধ্যতামূলক করা, বয়সভিত্তিক দলগুলোকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে লিগ চালু করতে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়া গত ৯ মাসে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, মাঠ নিশ্চিতকরণ এবং পাঠ্যবইয়ে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত করার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।