উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ (বাসস) : সিরিয়ায় ২০১৫ সালে যুদ্ধরত জিহাদি দলে যোগ দেওয়ার অপরাধে এক সাবেক সেনাসদস্যসহ তিন নারীকে কারাদণ্ড দিয়েছে ফরাসি একটি আদালত। সাজাপ্রাপ্ত দুই নারী হলেন শেহেরজাদ সি. ও সারা এল., যারা সে সময় ফরাসি নাগরিক ও আইএস যোদ্ধা আদ্রিয়েন গিহালের স্ত্রী ছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্যারিসের আদালত ৪০ বছর বয়সী শেহেরজাদ সি.-কে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন। গিহাল গোষ্ঠীটির উচ্চপর্যায়ের নেতা হওয়ায় তার স্ত্রী হিসেবে শেহেরজাদ আইএসের বিশেষ মর্যাদা ভোগ করেছেন এবং নিজের তিন শিশুসন্তানকে বিপদের মুখে ফেলেছেন বলে আদালত জানায়।
অন্যদিকে, ৩৬ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী সারা এল.-কে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে চার বছরের সাজা স্থগিত রাখা হয়েছে এবং উভয় নারীই এখন গিহালের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন। উল্লেখ্য, গিহাল ২০১৬ সালে নিসে ট্রাক চাপিয়ে ৮৬ জনকে হত্যার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকারের জন্য ফ্রান্সে কুখ্যাত।
আদালত ৪৩ বছর বয়সী সাবেক নারী সেনাসদস্য লিন্ডা বি.-কে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে তিনি ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ায় যান এবং ২০১৭ সালের জুনে তিন মাস বয়সী সন্তানকে নিয়ে আইএসের প্রধান ঘাঁটি রাক্কায় ফিরে গিয়েছিলেন।