উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরজুড়ে জমেছে প্লাস্টিক বর্জ্যের বিশাল স্তূপ। নদীর তীর থেকে এসব বর্জ্য অপসারণে কাজ করছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। দীর্ঘদিনের এই সমস্যায় নদীর পানির গুণগত মান ও জলজ জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
পরিবেশবিদরা বলছেন, বুড়িগঙ্গার পানি এতটাই দূষিত যে শীতকালে এতে কোনো দ্রবীভূত অক্সিজেন থাকে না। প্লাস্টিক ভেঙে সৃষ্ট মাইক্রোপ্লাস্টিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। নদী রক্ষায় জনসম্পৃক্ত ও বিজ্ঞানভিত্তিক সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
প্লাস্টিক কারখানার শ্রমিকরা জানান, প্রতিকূল পরিবেশে কাজ করলেও বিকল্প কর্মসংস্থানের অভাব রয়েছে। সম্প্রতি হাইকোর্ট ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছে।
বিআইডব্লিউটিএ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যৌথভাবে বর্জ্য অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. মোবারক হোসেন মজুমদার জানান, ইতোমধ্যেই ৩০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। কামরাঙ্গীরচর এলাকার কাজ শেষে সেখানে বৃক্ষরোপণ ও লোহার বেড়া দেওয়া হবে।
ডিএসসিসির পক্ষ থেকে বর্জ্যের বিনিময়ে বাজার ক্যাম্পেইন চালু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মানুষের অসচেতনতা ও বর্জ্য ফেলার অভ্যাস না বদলালে স্থায়ী সমাধান কঠিন। প্রধানমন্ত্রী ও আদালতের নির্দেশনায় চারপাশের নদীগুলোতে নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।