উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’। শব্দটির অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের মধ্যে থাকা গুণাবলি, ত্রুটি ও অনুভূতির অধিকারী হওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর কারণে মানবজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে শব্দটি ২০২৬ সালের সময়ের চেতনা ধারণ করেছে বলে জানিয়েছেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফ্রান্সেসকা উডওয়ার্ড বলেন, গত ১২ মাসে বিশেষ করে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ মানুষ হওয়ার প্রকৃত অর্থ নিয়ে গভীরভাবে ভাবছে। তিনি বলেন, আমরা মানুষের মন ও কৃত্রিম মনের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছি। একইভাবে আমাদের মতো জীবিত সত্তা এবং আমাদের তৈরি কৃত্রিম সত্তার মধ্যেও পার্থক্য খুঁজছি। মানুষ হওয়ার অর্থ কী, তা নিয়ে চলমান বিতর্কে বিশ্বনেতাদের পাশাপাশি পোপ চতুর্দশ লিও, বিল গেটস, ধ্রুপদি সাহিত্য ও সংস্কৃতির গবেষক মেরি বিয়ার্ড এবং অভিনেত্রী কেট ব্ল্যানচেটের মতো বিশিষ্ট ব্যক্তিরাও মতামত দিয়েছেন।
এআই ও অনলাইন জগতের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি শব্দকে পেছনে ফেলে ‘হিউম্যান’ বর্ষসেরা শব্দের স্বীকৃতি পেয়েছে। এতে প্রযুক্তি কীভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে, সে বিষয়ে বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহের প্রতিফলন ঘটেছে বলে তিনি জানান। কেমব্রিজ ডিকশনারির শব্দবিশারদরা ‘হিউম্যান-মেইড’ ও ‘হিউম্যান অথর’-এর মতো যৌগিক শব্দেও ‘হিউম্যান’ শব্দটির ব্যবহার বাড়তে দেখেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দর্শন ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড ‘হিউম্যান’ শব্দটিকে খুবই আকর্ষণীয় একটি নির্বাচন বলে উল্লেখ করেছেন।
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ (বাসস) : কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দগুলো বেশি খোঁজা হচ্ছে, তা-সহ বিভিন্ন মানদণ্ড বিবেচনা করে বর্ষসেরা শব্দ ও নতুন শব্দ নির্বাচন করা হয়। গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’। আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’।