উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পতিত ফ্যাসিস্ট শক্তি কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না বলে হুশিয়ারি দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, গণপ্রতিরোধের মাধ্যমে যেভাবে তাদের উৎখাত করা হয়েছিল, একইভাবে তাদের যেকোনো বিশৃঙ্খলাও জনগণ রুখে দেবে। মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে গণসংহতি আন্দোলনের ব্যানারে একটি র্যালি এম এম আলী কলেজের সামনে থেকে শুরু হয়ে মাওলানা ভাসানীর সমাধি পর্যন্ত পৌঁছায়। জোনায়েদ সাকি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় মাওলানা ভাসানীর দেখানো পথই আমাদের প্রধান দিশা। তিনি বলেন, বর্তমানে দেশ পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পাশাপাশি জাতীয় ঐকমত্য গড়ে তোলা জরুরি।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এছাড়া গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে গঙ্গার পানিবণ্টন চুক্তিতে নতুন করে গ্যারান্টি ক্লজ ও সালিসির বিধান যুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।