উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ড্রোন তৈরির কারখানায় নাশকতার চেষ্টা নস্যাৎ করার পর রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পথ বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়া ও এস্তোনিয়ার মধ্যকার সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এই হামলার নির্দেশ দিয়েছিল বলে দাবি করেছে এস্তোনিয়া।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল জানান, শনিবার রাতে ভিমসি এলাকায় অবস্থিত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে নাশকতার চেষ্টা চালানো হয়েছিল। নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং এ ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার এ ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তাল্লিন।
পররাষ্ট্রমন্ত্রী সাখনা আরও বলেন, এস্তোনিয়ার নিরাপত্তা দুর্বল করার যেকোনো অপচেষ্টার পরিণতি রাশিয়াকে ভোগ করতে হবে। সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়টি ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদেরও অবহিত করা হয়েছে। বর্তমানে এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি সীমান্তপথ দিয়ে মানুষ ও পণ্য চলাচল করে, যা এখন পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে।
অন্যদিকে, এস্তোনিয়ার এই সিদ্ধান্তের বিষয়ে সত্যতা যাচাইয়ের কথা জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যদি এটি সত্যি হয়, তবে একে রুশবিরোধী আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হবে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই ইইউ ও ন্যাটোর সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।