উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে ডিএফসি অর্থায়নের আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংস্থাটি।
ডিএফসির এই অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধার ফলে অর্থের অভাবে আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবায়নের পথ সুগম হবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানিয়েছেন, এই উদ্যোগের ফলে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরো গভীর হবে। এটি দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ডিএফসি। মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক উপস্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।