উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বড় ধরনের সম্ভাবনা তৈরি করলেও এর মধ্যে অনেক ঝুঁকিও রয়েছে। সোমবার কপ৩১ সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল এ কথা বলেন।
এদিন কপ৩১-এর আয়োজক তুরস্কের উদ্যোগে আনতালিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা অঙ্গীকার ঘোষণা করা হয়। জলবায়ু সমস্যার সমাধানে এ প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এর ক্রমবর্ধমান পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন করাই এ উদ্যোগের লক্ষ্য।
তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে সাইমন স্টিল এআই ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তিকে দুই ধারবিশিষ্ট তলোয়ারের মতো বলে মন্তব্য করেন।
এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি ব্যবহার করায় বিদ্যুতের বিল বেড়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে। পাশাপাশি এসব কেন্দ্রের ক্রমবর্ধমান কার্বন নিঃসরণ নিয়েও তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে স্টিল ডেটা সেন্টারগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন।
তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির জানান, এ অঙ্গীকারে ৮০টি সমর্থন পাওয়া গেছে, যদিও কতটি দেশ ও কোম্পানি রয়েছে তা তিনি উল্লেখ করেননি।