উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তারল্য সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সঙ্কটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফি পরিশোধ না করায় ব্যাংকটির বিরুদ্ধে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে মামলা হয়েছে। ফলে যেকোনো মুহূর্তে ব্যাংকটির কোর ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা আমানতকারীদের বিপদের মুখে ঠেলে দিতে পারে।
আন্তর্জাতিক সালিশি আদালতের নথিপত্র অনুযায়ী, সফটওয়্যার টেমেনোসের সরবরাহকারী এফডিএস গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং বি জি ইন্টারঅ্যাকটিভ লিমিটেড এই সালিশের আবেদন করেছে। ২০১৯ সালের চুক্তি ভঙ্গের অভিযোগে গত ৩০ অক্টোবর সালিশি নোটিশ দাখিল করা হয় এবং বিবাদীদের লিখিত জবাব ও ব্যয় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রাহকের হিসাব সংরক্ষণ, লেনদেন, এটিএম বুথ এবং অনলাইন ব্যাংকিংয়ের মতো জরুরি সেবাগুলো এই সফটওয়্যারের ওপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু ২০২৪ সাল থেকে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি ও সংশ্লিষ্ট কোনো ফি পরিশোধ করেনি ব্যাংক কর্তৃপক্ষ। সরবরাহকারী পক্ষ তাগাদা দিলেও পর্ষদ ও ব্যবস্থাপনা কোনো কর্ণপাত করেনি।
রাজনৈতিক পটপরিবর্তনের পর পর্ষদে পরিবর্তন এলেও পরিস্থিতির স্থায়ী উন্নতি হয়নি এবং বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের মাধ্যমে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তার উদ্যোগ নেয়। এত সহায়তার পরও সফটওয়্যারের বিল পরিশোধে উদাসীনতা দেখা দেওয়ায় লাখ লাখ আমানতকারীর কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।