উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুরুষ ক্রিকেট বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে পুরুষদের এই বাছাই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, একই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব। এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
অলিম্পিক বাছাইপর্বের পুরুষ ও নারী উভয় বিভাগেই আটটি করে দল অংশগ্রহণ করবে। দলগুলোকে চারটি করে দুই গ্রুপে ভাগ করা হবে এবং মোট ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে লড়বে এবং বিজয়ী দলটি অলিম্পিকের মূল পর্বের চূড়ান্ত টিকিট পাবে।
দীর্ঘ ১২৮ বছর পর বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় মঞ্চ অলিম্পিকে ফিরছে ক্রিকেট। অলিম্পিকে পুরুষ ও নারী উভয় বিভাগে মোট ছয়টি করে দল পদকের জন্য লড়বে। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।