উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধীদলীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ওই অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৬ কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে। বিপরীতে দেশটি থেকে আমদানি করেছে ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য।
মন্ত্রী জানান, শুধু ভারত নয়, সার্কভুক্ত আফগানিস্তান, ভুটান ও পাকিস্তানের সাথেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ওই অর্থবছরে আফগানিস্তানের সাথে ১ কোটি ৭ লাখ ১০ হাজার ডলার, ভুটানের সাথে ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার এবং পাকিস্তানের সাথে ৬৮ কোটি ১৩ লাখ ডলারের বাণিজ্য ঘাটতি ছিল। তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে।
বাণিজ্য ঘাটতি কমাতে এবং রফতানি বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতের সাথে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে নিয়মিত বৈঠক হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কার্যক্রমও চলমান রয়েছে।