উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চার সদস্যের একটি প্রতিনিধিদল। শুক্রবার বাগোয়ান গ্রামে পৌঁছে তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন এবং সরকারের দেওয়া ব্যাখ্যাকে ভিত্তিহীন বলে অভিহিত করেন।
প্রতিনিধিদলের সদস্য আবদুল্লাহ আল আমিন অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের কথা বলা এবং বাড়িটিকে পরিত্যক্ত দাবি করা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের মতো এমন প্রবণতা বর্তমান সরকারেও অব্যাহত থাকা দুঃখজনক।
সংসদ সদস্য আবদুল গফুর ও মাহমুদা আলম মিতু বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়ে নিজের দায় এড়াতে এই ঘটনাকে লঘু করার চেষ্টা করছে। বিরোধী দলের পক্ষ থেকে দ্রুতই এই ঘটনার পরিদর্শন প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
এদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এই অগ্নিসংযোগকে আওয়ামী লীগের কুকীর্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, মামলা করার সময় আসামিদের তথ্য পুলিশকে দেওয়া সত্ত্বেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, বরং বাড়িটি নিয়ে বিভ্রান্তিকর আলোচনা চালানো হচ্ছে।