উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পাঁচ মাস আগে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে শনিবার সিঙ্গাপুরে দুই দলের প্রীতি ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির লক্ষ্য আরও দীর্ঘমেয়াদি। গত জুনে হিউস্টনে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ব্রাজিলের হতাশাজনক বিশ্বকাপ অভিযান শেষ হয় কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে হেরে।
এবার ভবিষ্যতের দল গড়ার কাজে মনোযোগী আনচেলত্তি। চলতি সপ্তাহে জাপান এবং মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের দলে ২৩ বছরের কম বয়সী খেলোয়াড় রয়েছেন ১৫ জন। শুক্রবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন যে বিশ্বকাপ একটি প্রজন্মের খেলোয়াড়দের চক্রের সমাপ্তি ঘটিয়েছে এবং তারা এখন নতুন একটি প্রজন্ম গড়ে তুলছেন। তিনি আরও বলেন যে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে তারা খুবই সন্তুষ্ট।
জাপানের বিপক্ষে ম্যাচে অধিনায়কত্ব করবেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা স্ট্রাইকার রাফিনিয়া। রাফিনিয়া বলেন যে নতুন খেলোয়াড়দের নিয়ে পুনর্গঠন-প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও এমন খেলোয়াড়দের দেখা যাচ্ছে যাদের অনেক গুণ রয়েছে। হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলতে পেরেছিলেন রাফিনিয়া। এদিকে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের পর জাপানের অনূর্ধ্ব-২৩ দলের কোচ গো ওইওয়ার কাছে দেশটির বর্তমান কোচ হাজিমে মোরিয়াসু দায়িত্ব হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মোরিয়াসু জাপানের দায়িত্বে কাটানো আট বছরের দিকে ফিরে তাকিয়ে বলেন যে তারা অনেক কিছু করতে পেরেছেন এবং দলের বিকল্প খেলোয়াড়ের সংখ্যা ও গভীরতা বাড়াতে পেরেছেন। ঢাতা, ১৩ নভেম্বর ২০২৬ বাসস।