উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এসব নাশকতার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে আপাতত কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না দিলেও পরিস্থিতি গুরুতর হলে তারা দলীয় বা জোটগত সিদ্ধান্তের কথা ভাবছে।
জামায়াতে ইসলামীর সন্দেহ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একধরনের পরোক্ষ সহযোগিতা ছাড়া দেশজুড়ে এমন নাশকতা সম্ভব নয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। জামায়াত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে সরকারকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এদিকে এনসিপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য সারোয়ার তুষার অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতি সরকার ও আওয়ামী লীগের তলেতলে আঁতাতের ফসল। তিনি জানান, সত্যিকারের হুমকি তৈরি হলে এনসিপি মাঠে নামবে। তবে আপাতত সরকারের এই গেম প্ল্যানের অংশ হতে চায় না তারা।
অন্যদিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। নাশকতা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন।