উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত হলে মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও আঘাত হানা হবে। লেবাননভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বিমান উড্ডয়ন করলে দূরবর্তী অঞ্চলের ঘাঁটিতেও পাল্টা আঘাত হানা হবে। নতুন করে মার্কিন হামলা হলে ইরানের জবাব হবে আমেরিকার আরও দূরবর্তী এবং যেসব স্থাপনায় এখনো হামলা চালানো হয়নি সেগুলোকে লক্ষ্যবস্তু করা।
তেহরানে নেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরও জানান, মার্কিনরা যে সমস্ত দ্বীপকে তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে বলে মনে করে, তেহরান সেগুলোতেও আঘাত হানতে পারে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ইরান অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে তাদের সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়ে।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি এবং ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দীর্ঘদিন ধরে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার দাবি করেন, ইরানের অর্থনীতিকে দুর্বল করার প্রচেষ্টা সফল হয়েছে এবং দেশটিতে আবার হামলার প্রয়োজন নেই। তবে রেজায়ি স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় পরমাণু ইস্যু বর্তমানে নেই এবং সমৃদ্ধ উপাদানের সামান্যতম অংশও ইরানের বাইরে পাঠানো হবে না।