উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে বহুল ব্যবহৃত ১০টি নির্দিষ্ট পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধ বা ইউসেন্স সুবিধা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সকল অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এই ঋণসুবিধা পাওয়া যাবে। আমদানিকারকরা সরবরাহকারীর ঋণ বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য দেশে আনতে পারবেন। এর ফলে আমদানিকৃত পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা।
উদ্যোগটির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সেজন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেয়া হয়েছে।