উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে চলমান ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় ডিসেম্বর মাসজুড়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
পুলিশ সদর দপ্তর ও ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে আইজিপি আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। বিশেষ সতর্কতার অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরকারের নীতিনির্ধারকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন সামনে রেখে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে এসব কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নাশকতা রোধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, পতিত ফ্যাসিবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে তাদের দল কর্মসূচি পালন করবে। অন্যদিকে জামায়াতে ইসলামী নাশকতা রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের জবানবন্দি ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যে এসব নাশকতায় দলীয় সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে।