উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো তার দাদাকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছেন। এর এক বছর আগে তিনি তার সাবেক শ্বশুর ও প্রয়াত স্বৈরশাসক সুহার্তোকেও এ সম্মান দিয়েছিলেন। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জাতীয় বীর দিবস উপলক্ষে জারি করা এক ডিক্রিতে প্রবোওর পিতামহ মারগোনো জোজোহাদিকুসুমোকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
মঙ্গলবারের ডিক্রিতে মারগোনোকে রাজনীতি ও অর্থনীতির একজন জাতীয় বীর হিসেবে অভিহিত করা হয় এবং তিনি স্বাধীনতার সংগ্রামে অসাধারণ অবদান রেখেছিলেন বলে উল্লেখ করা হয়। ১৮৯৪ সালে জন্ম নেওয়া মারগোনো এমন একটি কমিটির সদস্য ছিলেন যা জাপানি ঔপনিবেশিক শাসন থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতার ভিত্তি তৈরি করতে সাহায্য করেছিল। তিনি ব্যাংক নেগারা ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট ছিলেন এবং ১৯৪৫ সালে স্বাধীনতার পর এটিই প্রথম প্রতিষ্ঠিত ব্যাংক হিসেবে দেশটির প্রথম সরকারি মুদ্রা চালু করে।
উল্লেখ্য, সুহার্তোর জাতীয় বীরের মর্যাদাকে চ্যালেঞ্জ করে কর্মী ও এনজিওগুলো জাকার্তার একটি আদালতে মামলা দায়ের করেছে এবং এ বিষয়ে এখনও কোনো রায় দেওয়া হয়নি। সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও তাকে এ মর্যাদা দেওয়া হয়েছিল। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে মারা যাওয়া সুহার্তো ১৯৬৭ সালে ক্ষমতা দখল করার পর তিন দশকেরও বেশি সময় ধরে কঠোর হাতে ইন্দোনেশিয়া শাসন করেছিলেন।