উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাজিলের সাও পাওলোতে আয়োজিত হতে যাচ্ছে দ্বিতীয় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো’। লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি বাড়ানো এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। সোমবার রাজধানীর বারিধারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস বলেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থাকলেও দুই দেশ একে অপরকে এখনো ভালোভাবে চেনে না। তিনি ব্যবসায়ীদের ব্রাজিলে গিয়ে স্থানীয় পার্টনার খোঁজার পরামর্শ দেন, যা বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বিবিসিসিআই জানায়, এবারের এক্সপোতে প্রায় ৫০টি বাংলাদেশী কোম্পানি অংশ নেবে। এতে বি-টু-বি বৈঠক, পণ্য সোর্সিং এবং বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অংশগ্রহণকারীদের জন্য আর্লি বার্ড নিবন্ধন ৯ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৬ এবং নিয়মিত নিবন্ধন ৯ ডিসেম্বর ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।
বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাজিলের একটি প্রতিনিধি দল বাংলাদেশ থেকে জাহাজ ও বার্জ কেনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে।