উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কম্বোডিয়াভিত্তিক একটি অনলাইন প্রতারণা চক্র ও আফ্রিকার মাদাগাস্কারে সক্রিয় নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ঘোষণা আসে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে।
কম্বোডিয়ার প্রিন্স গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি ও ৪১টি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যা দক্ষিণ-পূর্ব এশিয়াকে আন্তর্জাতিক অপরাধের কেন্দ্র বানিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা চার ব্যক্তির একজন কিউ ইয়ং প্রিন্স গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করতেন। তিনি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে প্রিন্স গ্রুপের অর্থ পাচারে সহায়তা করেছেন বলে মার্কিন বিবৃতিতে জানানো হয়।
মাদাগাস্কারে প্রতারণা চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার নাগরিক চুই কক ওয়াকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান যে সাইবার প্রতারণার চক্রগুলো এখনো যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নিচ্ছে।
চীনের জন্ম নেওয়া প্রিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝিকে গত জানুয়ারিতে কম্বোডিয়া থেকে চীনে প্রত্যর্পণ করা হয়। কম্বোডিয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে চেন ঝিসহ ছয় শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করেছে এবং প্রায় ১০০ কোটি ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে।