উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক। এ ছাড়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্ভব হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে বলে অভিভাবক ও শিক্ষকরা আশা প্রকাশ করেন।