উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই ও রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বাংলাদেশ-রাশিয়া বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।
এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো উভয় দেশের ব্যবসায়ীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা এবং বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনে তথ্য বিনিময় করা। এছাড়া দুই দেশের কোম্পানিগুলোর অংশগ্রহণে যৌথ প্রকল্প, বাণিজ্য মেলা, প্রদর্শনী ও বিনিয়োগ ফোরাম আয়োজনে উভয় পক্ষ একযোগে কাজ করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই’র প্রশাসক মো: ফজলুল হক। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে এবং বিদ্যমান ছোটখাটো বাধাগুলো যৌথ উদ্যোগের মাধ্যমে দূর করতে হবে।
অনুষ্ঠানে রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিয়া সাত্তারসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।