উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে না ভেবে ভালো ফুটবল খেলাতেই মনোযোগ দিতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুসা স্বীকার করেন, ভারতীয় সুপার লিগ (আইএসএল) চলমান থাকা এবং নিউজিল্যান্ড সফরের পরিকল্পনার কারণে দলটির প্রস্তুতি সময় সীমিত ছিল। ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ বাসস.
তিনি বলেন, কিছু লজিস্টিক সমস্যা ও খেলোয়াড়দের পৌঁছাতে বিলম্ব হওয়া সত্ত্বেও পাকিস্তানে তাদের প্রস্তুতি ক্যাম্প সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে। দলের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী, অনুপ্রাণিত এবং টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত। উদ্বোধনী ম্যাচটিকে বিশেষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভালো ফুটবল খেলা এবং টুর্নামেন্টে ইতিবাচক সূচনা করার অপেক্ষায় রয়েছে দল। তিনি আরও বলেন, আমি একটি তরুণ দল নিয়ে এসেছি। এর কারণ, আমাদের নিউজিল্যান্ডে একটি প্রীতি সফরও রয়েছে, যেখানে অন্য একটি দল দুটি ম্যাচ খেলবে। তবে চাপের কথা বললে, আমি চাপ উপভোগ করি এবং চাই আমার খেলোয়াড়রা নির্ভার হয়ে খেলুক।
২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে হারানোসহ অতীতে ভারতের আধিপত্যের প্রসঙ্গ উঠলে প্রতিপক্ষকে খাটো করে না দেখার সতর্কবার্তা দেন মুসা। তিনি বলেন, পাকিস্তান এখন সম্পূর্ণ ভিন্ন একটি দল। তাদের অনেক খেলোয়াড় ইউরোপে খেলছে, এমনকি কেউ কেউ সেখানকার চতুর্থ বা পঞ্চম বিভাগের ক্লাবেও রয়েছে। তাদের শক্তিশালী দল আছে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। অবশ্যই আমরা ম্যাচটি জিততে চাই। উদ্বোধনী ম্যাচের কৌশলগত পরিকল্পনা প্রকাশ করতে রাজি হননি মুসা। তবে দলের প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।
ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেজও চ্যাম্পিয়নশিপের আগে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। চ্যালেঞ্জ মোকাবিলায় দল প্রস্তুত বলে জানান তিনি। ভারত-পাকিস্তান দ্বৈরথ বাড়তি চাপ তৈরি করবে কি না, এমন প্রশ্নের জবাবে নাথান বলেন, এটি বরং খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, এখানে কোনও চাপ নেই। তবে নিজেদের সেরাটা দিতে এবং মাঠে সর্বস্ব উজাড় করে খেলতে অনুপ্রেরণা থাকবে। আশা করি, আমরা ভালো ফল পাব। এদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর গাজী প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।